৩ বছর পর মাঠে নামছে আফগান নারী ক্রিকেটাররা

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে নারীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছিল। সেই সময় আফগানিস্তান নারী দলের ক্রিকেটাররা আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন দেশে। কেউ বন্দি হয়েছেন, কারও মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে বিদেশে আশ্রয় নিয়ে যারা বেঁচে গেছেন, সেই মেয়েরাই এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন।

২০২১ সাল থেকে আফগানিস্তানের নারী ক্রিকেট কার্যত বন্ধ হয়ে আছে। অন্যদিকে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ছেলেদের দলের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই এবার স্থানীয় ক্লাব উইদাউট বর্ডার্স একাদশের মুখোমুখি হবে আফগানিস্তান নারী একাদশ নামের একটি ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উদ্যোগেই এই আয়োজন করা হচ্ছে।

ম্যাচটির বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘আফগানিস্তানের নারী দল অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হওয়ার পর ক্রিকেট অঙ্গনের অনেকে তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এই ম্যাচটির মধ্য দিয়ে সেই কাজের একধরনের উদ্‌যাপনও হতে যাচ্ছে। আমি আনন্দিত যে তাদের একসঙ্গে খেলার যে আকাঙ্ক্ষা, সেটা এই প্রদর্শনী ম্যাচ দিয়ে পূরণ হতে যাচ্ছে।’

জানা গেছে, আগামী বছরের ৩০ জানুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে শরণার্থী হিসেবে থাকা আফগান মেয়েদের সংগঠিত করে এই দল গঠন করা হয়েছে। এর আগে আফগানিস্তানের নারী ক্রিকেটাররা ‘শরণার্থী দল’ হিসেবে আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণের আবেদন করেছিল। অলিম্পিকে নিয়মিতই শরণার্থী দল দেখা যায়। তবে আইসিসি এখনো সাড়া দেয়নি।