ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছুঁই ছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৯৯ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৪ জন। এতে করে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী।

শুক্রবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে  তিনজন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ৭৩ হাজার ১২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।