টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমন গুলিতে নিহত হন। এই মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে মির্জাপুর থানা পুলিশ। এদিকে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।
শুক্রবার (১৫ নভেম্বর) থেকে এই রিমান্ড শুরু হয়েছে বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানিয়েছে। তিনি জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। তখন একদল দুস্কৃতকারী হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গোপালপুর এলাকার কলেজছাত্র ইমন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। গত ১৪ অক্টোবর ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ইসমত আরা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় রিমান্ডে নেওয়ার খবর পেয়ে তার ফাঁসির দাবিতে বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা ছাত্রদল। পুরাতন শহীদ মিনার থেকে মিছিল শুরু করে থানার পূর্বপাশে সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলকালে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন নিহত হন। এই মামলায় ড. আব্দুর রাজ্জাককে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।