কুমিল্লার দেবিদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আফসার উদ্দিন রানা (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় দেবিদ্বার সরকার বাড়ির পাশ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. আফসার উদ্দিন রানা দেবিদ্বার উত্তরপাড়া এলাকায় থাকতো। তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে। সে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ব্যাডমিন্টন খেলার জন্য গতকাল মাঠ প্রস্তুত করেছিল রানা। লাইটিংয়ের জন্য পাশের বাসার সুইচবোর্ড থেকে বিদ্যুৎ সরবরাহ করে সন্ধ্যা থেকে খেলা শুরু করে। রাত সাড়ে ১০টায় খেলা শেষে লাইটিং সরঞ্জাম গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল্লাহ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ছেলে মারা গেছে বলে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।