ম্যাচ হারের পর দর্শকদের ঢিলে রক্তাক্ত মেক্সিকো কোচ!

কনকাকাফ নেশন্স লিগে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে হারের পর দর্শকদের দ্বারা আক্রান্ত হয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুয়েরে। দলের পরাজয়ের পর গ্যালারি থেকে ছোড়া একটি ক্যানের আঘাতে তার মাথা ফেটে গেছে।

গতকাল শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের সঙ্গে হাত মেলানোর জন্য টাচলাইন ধরে এগোচ্ছিলেন আগুয়েরে। এসময় হঠাৎ গ্যালারি থেকে একটি ক্যান ছুড়ে মারা হয়, যেটি তার মাথায় গিয়ে লাগে। সাথে সাথে ক্ষতস্থানটি থেকে রক্ত ঝরতে থাকে।Javier Aguirreদর্শকদের ঢিলে রক্তাক্ত মেক্সিকো কোচ হাভিয়ের আগুয়েরে।

গত জুলাইয়ে তৃতীয়বারের মতো নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়া সাবেক এই মিডফিল্ডার অবশ্য কোনো অভিযোগ করেননি। তিনি বলেছেন, ‘এটা ফুটবল এবং (এই ঘটনায়) অন্য কোনো বিষয় উল্লেখ করাটা অযৌক্তিক, কারণ আমি অভিযোগ করব না।’

তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কনকাকাফ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কনকাকাফের কাছে সব দল ও দর্শকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবলে এই ধরনের উগ্র আচরণের স্থান নেই।’