আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছে পাকিস্তান। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ঘোষণা দিয়েছে যে, তারা পাকিস্তানের মাটিতে দল পাঠাবে না। টুর্নামেন্ট হতে হবে হাইব্রিড মডেলে। এই নিয়ে দুই দেশের মাঝে নিয়মিতই কথা চালাচালি চলছে। বিষয়টি গড়িয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরেও!
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং করেন ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। এসময় তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ক্রিকেটে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। কিন্তু ভারত সরকার পাকিস্তানের মাটিতে তাদের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল ভারত। এর পেছনে রাজনৈতিক কারণ আছে। আপনি কি খেলার সঙ্গে রাজনীতি মেশানোটা সঠিক বলে মনে করেন?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘প্রথমত আমি ভারত আর পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে জানি। খেলাধুলা অবশ্যই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে সত্যিকার অর্থেই ক্রীড়া কূটনীতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু, যা আমার জানামতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইব তারা নিজেরাই পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলুক। আমরা তাদের মাঝে প্রবেশ না করি।’
উল্লেখ্য, গত বছর ভারতের চাপে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। কিন্তু দীর্ঘদিন পর একটি আইসিসি ইভেন্ট পেয়ে পাকিস্তান এত সহজে নত হতে চাচ্ছে না। এমন কথাও শোনা যাচ্ছে যে, ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান। আবার হাইব্রিড মডেলে আয়োজন করলে পাকিস্তান তাতে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছে।
৩৯ বছরেও বাইসাইকেল কিক! কোথায় থামবেন রোনালদো?
সেঞ্চুরিকে ছেলেখেলা বানিয়ে ভারতের রেকর্ডের ছড়াছড়ি
এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা বিস্ময়বালক আইপিএলের নিলামে!