সাফজয়ীদের জন্য আরও ১ কোটি টাকা পুরস্কার

নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে প্রথম সভাতেই সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এছাড়া আগামী বছর দশম বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেওয়া হবে। পুরস্কার হিসেবে নারী দলকে এক কোটি টাকা দেওয়া হবে। এই অনুষ্ঠানটি কক্সবাজারে আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

সেনাবাহিনীর প্রধান অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সভাপতি, তাই এক সঙ্গে দুটি প্রতিষ্ঠান পুরস্কার দেবেন নারী ফুটবলারদের। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করেছিল সেনাবাহিনী।

বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়টি নিশ্চিত করে মামুন বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা হবে।’ ১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সাল পর্যন্ত নিয়মিত আয়োজিত হয়। এরপর টানা ১১ বছর আলোর মুখ দেখেনি গেমস। ২০১৩ সালের পর ৮ বছর বিরতি দিয়ে ২০২১ সালে হয়েছিল সর্বশেষ গেমস।