যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সেটি খুব জরুরি এই মুহূর্তে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই সভার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষের মধ্যে নতুন প্রত্যাশা। আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার আমরা পেয়েছি, এ সরকার যাদের হাতে আমরা দিয়েছি, তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ। আমাদের একটাই কথা, দেশে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা। এক-দুদিনের ভেতর সব সরানো সম্ভব নয়।
তাই যত দ্রুত সম্ভব, একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। অনেকেই বলছেন, রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ নির্বাচনই দেশকে স্থিতিশীলতা দিতে পারে।’
নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কার করার জন্য সরকার অনেকগুলো কমিশনও গঠন করেছে। তাদের ওপর জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। কিন্তু আমাদের যেটা প্রত্যাশা, স্বল্প সময়ের মধ্যে সংস্কার সাধন, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার সাধন সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে, তত বিতর্ক সৃষ্টি হবে; ততই বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে, শেখ হাসিনা তত বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির করার চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে।’
মওলানা ভাসানীর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বানও জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দার এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন।
ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
শায়রুল কবির বলেন, ‘আজ (গতকাল) শনিবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।’
পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি : এদিকে শায়রুল কবির খান দেশ রূপান্তরকে আরও জানান, পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি। পুলিশ সংস্কারবিষয়ক বিএনপির গঠিত কমিটি তাদের প্রস্তাবনা দলের কাছে জমা দিয়েছে। কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও এক দিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের অফিসে জমা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে ছয় সদস্যের পুলিশ সংস্কার কমিটি গঠন করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আবদুল কাইয়ূম ও সাবেক ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান।
জিয়াউর রহমানের সমাধিতে নিউ ইয়র্ক বিএনপি সভাপতির শ্রদ্ধা : এ ছাড়া শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করেন নিউ ইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ নেতারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ : খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর। গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের বাসভবনে যান এ নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ূন কবীর বলেন, ‘আমি মূলত দেশনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও তার মনোবল শক্ত আছে।’