স্মার্টফোন হাতে নিয়েই ট্রোল শুরু করবেন না: বিরাট কোহলি

সময়ের পালাবদলে স্মার্টফোন এখন খুবই সহজলভ্য হয়ে গেছে। সকল শ্রেণির মানুষের হাতে পৌঁছে গেছে এই অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু, স্মার্টফোনের সঠিক ব্যবহার কয়জন জানে? সোশ্যাল মিডিয়ায় একটু ঢুঁ দিলেই দেখা যায়, বেশিরভাগ মানুষই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার জানে না। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলিং’ বহুল প্রচলিত শব্দ। কাউকে পছন্দ না হলে সবাই মিলে তাকে নিয়ে মশকারা করাকেই ট্রোলিং বলে। এতে সেই ব্যক্তি মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দলবেঁধে অপছন্দের ব্যক্তিকে গালাগাল, হুমকি-ধামকি কিংবা নারীদের কটুক্তি করা এখন মহামারী আকার নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় বহু মানুষকে বাস্তব জীবনে ভূগতে হয়েছে এবং হচ্ছে।

সম্প্রতি এক ভিডিওতে বিরাট কোহলি প্রযুক্তির ব্যবহার নিয়ে বলেছেন, ‘আপনার সমস্ত গ্যাজেট ইতিবাচকভাবে ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়ায় সবার অ্যাক্সেস আছে, সেটা ভালো মানসিকতা নিয়েই ব্যবহার করুন। আপনার গ্যাজেটগুলোর মাধ্যমে আপনি সারা দুনিয়ার তথ্য জানতে পারেন, এক্ষেত্রে ইতিবাচক থাকুন। কোনো ট্রোলিং, নেতিবাচক কর্মকাণ্ড, লোকজনকে নিয়ে মশকরা করা থেকে বিরত থাকুন। যদি আপনি ইতিবাচক মানসিকতা রাখেন, তাহলে সেই অনুযায়ী আপনি পুরস্কৃত হবেন।’

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হয় কোহলিকে নিয়ে। তিনি রান করলে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন। আবার খারাপ খেললে সেই ভক্তরাই নিন্দা করেন। ব্যক্তিগত জীবনে কোহলি কী করছেন সেটাও সবাই অনুসরণ করেন। এমনকী আনুশকা শর্মার সঙ্গে বিয়ের আগে তাদের দুজনকেই আক্রমণের শিকার হতে হয়েছে। সেই কোহলি এখন আছেন অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার অপেক্ষায়।