বিসিবি জোড়াতালি দিয়ে চলছে: ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) ওলটপালট হয়ে গেছে। অজ্ঞাতবাসে চলে গেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালক। নতুন সভাপতি ফারুক আহমেদকে তাই স্বল্প লোকবল নিয়ে কাজ চালাতে হচ্ছে। বিষয়টি নজর এড়ায়নি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

আজ রবিবার সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতিবছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।’

কোনো দেশের সরকার চাইলেই বিসিবিতে পরিচালক নিয়োগ দিতে পারে না। এক্ষেত্রে আইসিসির বাধ্যবাধকতা আছে। ফুটবল ফেডারেশনের ক্ষেত্রেও তাই। তবে কিছু ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে বলেও জানান আসিফ মাহমুদ, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিযে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত