দিনাজপুরের বিরামপুর কলেজ বাজারে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর কলেজ মাঠে ইসলামী সভায় যোগ দিতে আসা নূরুল ইসলাম (৬৪) নামের ওই বৃদ্ধকে শনিবার বিকেলে অজ্ঞাত একটি পিকআপ ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত নূরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত. আহসান আলীর ছেলে। সংশ্লিষ্ট বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে।