পাকিস্তানের বেলুচিস্তানে হামলায় ৭ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে একটি আধাসামরিক সীমান্ত চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। শনিবার প্রদেশটির কালাত জেলার জোহান পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, শাহ মারদানের কাছে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়, এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ছয় ‘সন্ত্রাসী’ নিহত ও আরও চারজন আহত হন। এ সময় দুইপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে আর তাতে সাত সেনা নিহত হন।

হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক ইমেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে নিজেদের কার্যক্রম তীব্রতর করেছে বিএলএ।

ফন্ট্রিয়ার কোরের (এফসি) শাহ মারদান চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা রকেট, হাত বোমা ও ভারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে আইএসপিআর জানিয়েছে।

কালাত বিভাগের কমিশনার নাঈম বাজি পাকিস্তানি গণমাধ্যম ডনকে বলেন, ভোররাতে চালানো এ হামলায় ওই চেকপোস্টে মোতায়েন সাত সেনা নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ও আহতদের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালানোর আগে ‘সন্ত্রাসীরা’ ওই এলাকাটি ঘেরাও দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছিল। হামলা শুরুর পর দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলে। ভারী অস্ত্রে সজ্জিত প্রায় ৪০ জনের মতো ব্যক্তি এ হামলায় অংশ নেয়।

গত সপ্তাহে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা। এতে বেসামরিক পোশাক পরিহিত ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। ওই সেনারা ছুটি কাটাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে চড়ার কয়েক মিনিট আগে এই হামলার শিকার হন।