লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলের ১৪৫ বার বোমা হামলা

  • গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরায়েল
  • বৈরুত থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

লেবাননজুড়ে স্থল ও বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪৫টি হামলা চালিয়েছে ইসরাইল। তাদের বেশিরভাগই ছিল নাবাতিহ ও লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সম্প্রচারমাধ্যম আলজাজিরা।

লেবাননের সরকার দেশটিতে ইসরায়েলের আক্রমণের মাত্রা ও এর তীব্রতা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশটির পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন এ প্রতিবেদন প্রকাশ করেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে নাবাতিহতে ৫৫ বার ও দক্ষিণ লেবাননে ৭৩ বার হামলা চালানো হয়েছে।

এরই মধ্যে রাজধানী বৈরুত থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু গত সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টি বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৪৫২ জন নিহত এবং ১৪ হাজার ৬৬৪ জন আহত হয়েছে।

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক টাওয়ারে ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, তাদের দলগুলি ধ্বংসস্তূপের এলাকায় পৌঁছাতে অক্ষম। যার কারণে আরও কয়েক ডজন আহত ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত