মাত্র ৭ মাসের মাথায় পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাচ্ছেন জেসন গিলেস্পি। গিলেস্পির জায়গায় পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন দেশটির সাবেক পেসার আকিব জাভেদ। পাকিস্তানের কোচ পরিবর্তনের খবরটি দিয়েছে ক্রিকইনফো।
তাদের রিপোর্টে বলা হয়েছে, সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকেই গিলেস্পির ছাঁটাই এবং জাভেদের নিয়োগের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে সফরকারী পাকিস্তান। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে গিলেস্পির মেয়াদকাল শেষ হচ্ছে, এমনই বলা হয়েছে রিপোর্টে।
গত এপ্রিলে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তবে এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে।
গত অক্টোবরে সাদা বলেও ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিলেস্পির নাম ঘোষণা করে পিসিবি। তার অধীনে অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই সিরিজ হারের স্বাদ দেয় পাকিস্তান।
আকিব জাভেদ এর আগে পাকিস্তান পুরষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।