কোহলিকে স্লেজিং নয়, শরীর বরাবর বল করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

বিরাট কোহলিকে স্লেজিং করলে কী হয়- প্রতিপক্ষ সেটা ভালোভাবেই জানে। ভারতের ব্যাটিং কিংকে স্লেজিং করে এর আগে অনেকবার বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তাতেরর বিপক্ষে ২৫ টেস্টে কোহলি করেছেন ২০০০ রান। ৮ সেঞ্চুরি ৬টিই অস্ট্রেলিয়ার মাটিতে। তাই স্লেজিংয়ের ঝুঁকি না নিয়ে কোহলিকে থামাতে ভিন্ন পরিকল্পনা আঁটছে অস্ট্রেলিয়া।

অনেকদিন ধরেই অবশ্য ফর্মে নেই কোহলি। ব্যাটে বড় রান আসছে না। কিন্তু অস্ট্রেলিয়াকে পেলেই তিনি জ্বলে ওঠেন। তাই ফর্মহীন কোহলিকে হেলাফেলা করছে না অস্ট্রেলিয়া। মিচেল মার্শ তো বলেই দিয়েছেন যে, কোহলি ৩০ রানে পৌঁছলেই তাকে আউট করে দিতে হবে। তার ভাষায়, ‘কোহলি ৩০ রানে পৌঁছলেই তার শরীর লক্ষ্য করে বোলিং শুরু করব। তাকে যেভাবেই হোক আউট করতে হবে।’

অজি পেস তারকা মিচেল স্টার্ক অবশ্য কোহলিকে স্লেজিং করার বিপক্ষে। তিনি বলেন, ‘আইপিএলে কোহলির সতীর্থ হিসেবে দুই মৌসুম খেলেছি। তাই কোহলিকে কিছুটা হলেও চিনি। তার সঙ্গে দ্বৈরথ আমি সবসময়ই উপভোগ করি। তবে কোহলির জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা ক্রিকেট খেলতে নামব, সেটাই উপভোগ করতে চাই। কোহলিকে কোনোভাবেই স্লেজিং করে রাগাতে চাই না।’

পার্থে আগামী ২২ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগের সিরিজেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে তারা ছিটকে যাওয়ার পথে। কোহলিও সেই সিরিজে রান পাননি। তাই এবার প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে তিনি ফর্মে ফিরতে মরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত