জাবিতে শিয়ালের কামড়ে আহত ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন এলাকায় আলাদাভাবে তিনজন শিয়ালের কামড়ে আহত হন।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী (আনসার) অজয় হালদার এবং দোকানদার মো. জব্বার। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে আহত জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, রাত ১০টার পর তিনজন শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে শিয়ালটি আক্রমণ করে। তাকে মুখে, হাতে, পায়ে এবং গোপনাঙ্গে কামড় দেয়। বাকি দুজনের মধ্যে শাহারিয়ারকে প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদারকে জয় বাংলা ফটকের মসজিদ সংলগ্ন এলাকা থেকে আক্রমণের শিকার হন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত অজয় হালদার বলেন, তারা তিনজন রাত ১০টার দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি শিয়াল জঙ্গল থেকে বের হয়ে পায়ে কামড় দেয়। তখন তিনি শিয়ালকে লাথি দিলে শিয়ালটি আবার জঙ্গলে চলে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ের বর্ণনা শুনে ধারণা করছি শিয়ালটি র‍্যাবিস আক্রান্ত হয়েছে। যার কারণে সে পাগলাটে আচরণ করছে। তার সামনে এখন যারে পাবে তারে সে কামড়াবে। অতি দ্রুত তাকে মেরে ফেলে মাটি চাপা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের ভেক্সিন নিতে হবে।