ফিলিপাইনে টাইফুন মান-ই’র আঘাতে নিহত ৭

ফিলিপাইনে সামুদ্রিক ঘূর্ণিঝড় (টাইফুন) মান-ই’র আঘাতে এ পর্যন্ত ৭ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। ঝড়ের আঘাতে গাছ-বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, কাঠের তৈরি ঘরবাড়িগুলো ভেঙে গেছে, কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। খবর এপির। 

খবরে বলা হয়, গত শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপ-প্রদেশ কাতানদুয়ানস এবং মধ্যাঞ্চলীয় দ্বীপ-প্রদেশ ল্যুজোনে আঘাত হানে টাইফুন মান-ই আঘাত হানে। স্থানীয়ভাবে এটি ‘পেপিটো’ নামে পরিচিতি পেয়েছে। উপকূলের স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৮৫ কিলোমিটার পর্যন্ত।

এদিকে ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় কাতানদুয়ানস এবং ল্যুজোনে লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপড়ে পড়া গাছ, ডালপালা ও আবর্জনার স্তূপের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক।

বর্তমানে ল্যুজনে অবস্থান করছে মান-ই; আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সোমবার রাতের মধ্যে ঝড়টি ভিয়েতনামে প্রবেশ করবে। শনিবার হানার আগে এক পূর্বাভাসে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর মান-ই’কে ‘সুপার টাইফুন’ উল্লেখ করে এক সতর্কবার্তায় বলেছিল যে এই ঝড়টি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। 

তবে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর জানিয়েছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল, তত বিধ্বংসী হয়নি মান-ই। এক বিবৃতিতে তিনি বলেছেন, “যদিও পেপিটো বেশ শক্তিশালী একটি ঝড় ছিল, কিন্তু এটি যতটা বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হচ্ছিল, তত ভয়ঙ্কর তা ছিল না।”