পপ সেনসেশন টেইলর সুইফট ব্যস্ততার কারণে প্রেমিকের খেলা দেখতে যাননি। আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া ইরাস ট্যুর নিয়েই সব মনোযোগ তার। ফলে রবিবার ট্র্যাভিস কেলসের খেলা দেখতে যেতে পারেননি। তাকে গ্যালারিতে দেখতে না পেয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেজ সিক্স।
বর্তমানে একের পর এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সুইফট। কখনও তার গান-অ্যালবাম গড়ছে রেকর্ড, আবার কখনও কনসার্টের কারণে হচ্ছে ভূমিকম্প। সুইফট বর্তমানে টরন্টোতে শো নিয়ে ব্যস্ত রয়েছেন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা শো করার পর তিনি আগামী সপ্তাহে আরও তিনটি শো করবেন।
টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সুইফটের অনুপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে। তবে অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করেছেন। আবার কেউ বলছেন বয়ফ্রেন্ডকে সুইফটের আরও সময় দেওয়া প্রয়োজন।
২০২৩ সালের মার্চ থেকে সুইফটের রেকর্ড ভাঙা ইরাস ট্যুর শুরু হয়। এরপর এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে কনসার্ট করেন তিনি। গত বছরের নভেম্বরে মুক্তি পায় টেইলরের এ সংগীত সফর নিয়ে নির্মিত ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ সিনেমা। এটি মূলত মার্কিন এ পপ তারকার সাম্প্রতিক কনসার্ট ট্যুরের ভিডিওচিত্র দিয়ে বানানো একটি ছবি, যা পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ।