বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়ক অবরোধ করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই রাজধানীর মহাখালীতে কলেজটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
তাদের দাবি, সন্ধ্যার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগের অবস্থান থেকে সরে আসায় তারা আবার সড়কে নেমেছেন।
এদিকে একই দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজের ১৪ জন শিক্ষার্থী। তারা মন্ত্রণালয়ের ডাকে বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন— মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।
এর আগে, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালীসহ আশেপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়।