বান্দরবান

জামিন পেল জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্য

বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সাথে অন্য মামলায় কেএনএফ (বম পার্টি) সন্দেহে গ্রেপ্তার একজনের জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- বরিশাল কোতোয়ালী এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহমুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫), চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫) ও বান্দরবানের লাল নুং খেয়াং (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ১০ জনকে জামিন দেন আদালত।

মামলা এজাহার সূত্রে আরো জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হিজরতের নামে জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে বান্দরবান ও রাঙ্গামাটি জেলার গহীন অরণ্যে প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রায় ৫৫ জন যুবক নিখোঁজ হয়। তাদের মধ্যে ২৮ জনকে জঙ্গি সন্দেহে যৌথ বাহিনী গ্রেপ্তার করে।

জঙ্গিবাদে জড়িয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিরুদ্দেশ হওয়া যুবকরা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি, বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনের ছত্রছায়ায় অস্ত্র চালনা, বোমা তৈরিসহ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে এমন তথ্যের ভিত্তিতে বিগত ২০২২ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে কতিপয় নেতা ও সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, আবেদনের প্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় সংগঠনটির ২৮ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেন আদালত।