রায়পুরায় সংঘর্ষে আহত ১০

নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে গ্রামের নজির মিয়ার ও নান্নু মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন কালিকাপুর গ্রামের মকবুল হোসেন, আশরাফ আলী, জহিরুল ইসলাম ও ছায়দুল ইসলাম, আমেনা বেগম, সখিনা বেগম, মোখলেস, নাজীর হোসেন, আবুল হোসেন, লাক মিয়া। আহতদের মধ্যে কয়েকজন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন। আর কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে নজির মিয়া একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি কেনেন। একই জমি অন্য আরেক জনকে কিনে দিতে চান নান্নু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে এলাকায় কয়েক দফায় সালিশও হয়। সোমবার সকালে এ নিয়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে নান্নু মিয়ার পক্ষের আহত নাজীর হোসেন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নজির মিয়ার লোকজন আমাদের বাড়িঘর ঘেরাও করেন। তাদের হাতে পিস্তলসহ ককটেল, টেঁটা ছিল। আবুল হোসেন ও লাক মিয়া নামে দুজন দায়ের কোপে আহত হয়েছেন।

অন্যদিকে নজির মিয়ার পক্ষে আহত মকবুল হোসেন বলেন, ‘সোমবার সকালে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকেরা হামলা চালায়। রায়পুরা থানার ওসি আবদুল জব্বার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’