আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ফিরোজ ভুঁইয়ার (৫৫)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার সাগরপাড়ের একটি তারকা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল হাসান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ফিরোজ ভুঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের কয়কটি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
এ বিষয়ে ওসি হিমেল হাসান বলেন, ‘ফিরোজ ভুঁইয়া গ্রেপ্তার এড়াতে কক্সবাজার সাগরপাড়ের একটি বিলাসবহুল হোটেলে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে ওই হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নারায়ণগঞ্জ পাঠানোর প্রক্রিয়া চলছে।’