প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে ১৬ তলা থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করলেন যুবক

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন।

দুপুর ১২টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুনুর রশিদ নিখোঁজ হন। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। অনুসন্ধানে জানা যায় গতকাল সোমবার বিকেলে মামুনুর রশিদ  বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারও হোটেল থেকে বের হন।

ওই হাসপাতালের কর্মীরা জানান, গতকাল রাত ১০টার পর মামুনুর রশিদ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।’