জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
নিহত শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আফসানা রিচি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয় এবং রিচি গাছের ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজে ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, ‘আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।’
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আরিফুল হক বলেন, ‘আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার মৃত্যু খুবই দুঃখজনক। এরকম কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী প্রো-ভিসি প্রশাসন গেছেন। একইসাথে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।’
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টার দিকে বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানসহ প্রশাসনিক বডির অন্যরা সেখানে উপস্থিত হন। উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।