ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে সামরিক বাহিনীকে ব্যবহারের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন ট্রাম্প। তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি। বতর্মান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিলÑ যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউজে বসবেন ট্রাম্প। ইতিমধ্যে প্রশাসন গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় দুই কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পাওয়া ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতা ম্যাট গেটজের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ নতুন নয়। সোমবার সিএনএনের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারীর আইনজীবীর দেওয়া তথ্যের কারণে বিষয়টি আবার আলোচনায় এসেছে। ভুক্তভোগীর আইনজীবী জোয়েল লেপার্ড জানান, শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে ম্যাট গেটজ তাদের অর্থ পরিশোধ করেছেন। লেপার্ড বলেন, ২০১৭ সালের জুলাইয়ে দুই নারীকে একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই এ ঘটনা ঘটে। সে সময় ভুক্তভোগীর বয়স ছিল ১৭ বছর।
গেটজের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে সাক্ষ্যও দিয়েছেন দুই নারী। তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন গেটজ। ট্রাম্প মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ২০১৭ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠলে, তা ধামাচাপা দিতে এক নারীকে অজ্ঞাত পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে ৪৪ বছর বয়সী ফক্স নিউজের এ সঞ্চালকের বিরুদ্ধে।
এদিকে, ট্রাম্প তার নতুন সরকারের পরিবহনমন্ত্রী হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে মনোনীত করেছেন। সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহনসংক্রান্ত নীতিমালার দায়িত্বে থাকবেন।