জলবায়ু সংকট মোকাবিলা ও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কোনো ঐক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর নেতারা। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে গত সোমবার এসব বিষয়ে সাফল্য দেখাতে ব্যর্থ হন বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর নেতারা।
সম্মেলনকে সামনে রেখে কপ জলবায়ু সম্মেলনে থমকে যাওয়া আলোচনায় এই জোটের নেতাদের গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থসহায়তা দেবে, এই আলোচনায় বিভক্ত হয়ে পড়েন জি-২০ নেতারা। তারা বলেন, একক কোনো দেশ নয়, লাখ লাখ কোটি ডলারের এ সহায়তা সব উৎস থেকেই আসতে হবে। সম্মেলনে বিশ্বনেতাদের আলোচনায় প্রাধান্য পেয়েছিল যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচন।