অন্য সাধারণদের মতো পারিবারিক শাসনে বড় হয়েছেন বলিউডের তারকা অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে তিনি নিজেও দুই সন্তানের বাবা। তবে অভিনেতার বাবা যেমন ছিলেন, তেমনটা নাকি তিনি হবেন না বলে জানান।
কিন্তু বাবা হিসেবে কেমন হবেন, সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন আয়ুষ্মান খুরানা। তার কথায়, ‘আমার বাবা স্বৈরাচার, কিন্তু আমি বাবা হিসেবে কিন্তু একেবারেই আলাদা। আমি সব সময় বাবার হাতে স্যান্ডেল, বেল্ট দিয়ে মার খেতাম।’
বিনা দোষেই নাকি বাবার কাছে মার খেতেন বলে জানান আয়ুষ্মান। পুরোনো এক ঘটনা তুলে অভিনেতা বললেন, ‘একদিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বের হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে।’
আয়ুষ্মান ও তার স্ত্রী তাহিরার একটি কন্যাসন্তান ও পুত্রসন্তান। তবে কন্যাসন্তান হওয়ার পরে পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে। বাবা হিসেবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন বলেও জানান আয়ুষ্মান।