‘ভিকি ডোনার’ দিয়ে ২০১২ সালে আশাতীত বক্স অফিস সাফল্য পান আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম। বলিউডে অভিষেকে এই ছবিতে দর্শকদের মন জয় করেন তারা। এরপর এই জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
সাত বছর পর দীনেশ বিজনের প্রযোজনায় ‘বালা’ ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান-ইয়ামি। সঙ্গে আছেন ভূমি পেডনেকর, জাভেদ জাফরিসহ একাধিক পরিচিত মুখ।
অমর কৌশিক পরিচালিত ‘বালা’র দৃশ্যায়ন শুরু হয়েছে সোমবার।
জানা গেছে, ছবিতে অল্পবয়সে মাথায় টাক পড়া এক ব্যক্তির ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তার বিপরীতে আছেন ইয়ামি। দুজনের ভালোবাসার উপর ভর করেই এগোবে কাহিনী।
‘হিন্দি মিডিয়াম’, ‘স্ত্রী’, ‘লুকা ছুপি’-এর মতো সফল ছবির প্রযোজক দীনেশ বিজন ইয়ামি সম্পর্কে বলেন, “বদলাপুর’-এর পর আবার ইয়ামির সঙ্গে কাজ করতে চলেছি। ইয়ামি এই চরিত্রের জন্য একদম সঠিক নির্বাচন। এর আগে ও এমন চরিত্রে অভিনয় করেনি।”
আর নায়িকার বক্তব্য, “ছবির গল্প, চিত্রনাট্য সবই দুর্দান্ত। এই ছবিতে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি ‘উরি’র সাফল্য এখানেও ধরে রাখতে পারব।”
