বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে ও মানহীন সেবার অভিযোগ এনে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানগামী একমাত্র পরিবহন "মেঘালয় লাক্সারি" বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্তঃজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখেন।
এ সময় টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি। এর আগে গতকাল মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, ১ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসেবে নরসিংদী থেকে ঢাকার দুরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকার বিপরিতে এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা।
সাঈদ সনো নামের এক শিক্ষার্থী বলেন, যাত্রীপ্রতি তারা সিন্ডিকেট করে প্রায় ৪০ টাকার কাছাকাছি বাড়তি ভাড়া নিচ্ছে৷ সাধারণ শিক্ষার্থীরা এটা কোনওভাবেই মেনে নেবে না। মালিকপক্ষ আমাদের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে। ভাড়া কমানো না হলে আমরা আরও কঠোর হব।
নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, একদিকে বাড়তি ভাড়া নিচ্ছে, অপরদিকে কাউন্টার ছাড়াও যাত্রী তুলছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি নিয়মিত। নিত্যদিনের এই ভোগান্তি থেকে যাত্রীরা পরিত্রাণ চায়।
এদিকে কাউন্টারে দেখা যায়নি উল্লেখযোগ্য বাস মালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মুঠোফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।