গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্ত্রীর অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা মুন্সীর বিরুদ্ধে এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, গত ২৮ মে স্ত্রীর অসুস্থতার কথা বলে জেলা শহরের নিজ বাসায় তাকে যেতে বলেন বাদশা মুন্সী। পরে তিনি ওই বাসায় গেলে কেউ না থাকার সুযোগে বাদশা মুন্সী জোর করে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেন ওই নারী।
তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলে।পরে গত ১৫ জুলাই গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন।
এরপর থেকে বাদশা মুন্সী তার লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী ওই নারী।