শার্শায় নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

যশোরের শার্শায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাভারণ ইউনিয়ন নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম (৬০) ওই গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে গোপন বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম। ওই বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার গ্রেপ্তার আবুল কালামকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবুল কালামের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, এক যুগেরও বেশি সময় ধরে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে চলতো তার সন্ত্রাসী কার্যক্রম। দীর্ঘদিন ধরে তার দাপটে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন।

এই অভিযানের ফলে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত