বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দল। এই সফরে দলের টাইটেল স্পনসর হিসেবে থাকছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। আজ বুধবার (২০ নভেম্বর) বিসিবি একাডেমি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সফরের জার্সি উন্মোচন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিসিবি'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পরিচালক ও ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এছাড়া প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র অ্যাসিন্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রান্ড আ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক।
ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেয়ার পর নাজমূল আবেদিন ফাহিম বলেন, “প্রাইম ব্যাংক দীঘদিন ধরেই ক্রিকেট বোর্ডের সাথে আছে। আজ পর্যন্ত যে সকল টুর্নামেন্ট প্রাইম ব্যাংকের স্পন্সরশিপে আয়োজিত হয়েছে, সেখান থেকে অনেক খেলোয়াড় মূল জাতীয় দল বা বয়স ভিত্তিক জাতীয় দলে খেলছে। দেশে মাঠ পর্যায়ের ক্রিকেটের প্রসারে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ বা বৃত্তি প্রদান সেই অবদানের একটি অংশ। ক্রিকেট খেলায় এই ক্ষলারশিপ পাওয়া গর্বের বিষয়। বিশেষ প্রতিভাবান খেলোয়াররাই মূলত এই স্কলারশিপ পেয়ে থাকেন। আমরাও এই স্কলারশিপ পাওয়া ক্রিকেটাদের একটু ভিন্ন দৃষ্টিতে দেখি। এবারই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে প্রাইম ব্যাংক স্পন্সর করছে। আমি আশা করি, আগামীতেও বাংলাদেশে ক্রিকেটের প্রসারে প্রাইম ব্যাংকের এই সাপোর্ট অব্যাহত থাকবে।”
প্রাইম ব্যাংক পিএলসির ডিএমডি মো. নাজিম এ. চৌধুরী বলেন, “আমি গর্ব করে বলতে পারি, ক্রিকেট প্রাইম ব্যাংকের আবেগের জায়গা। এই কারণেই আমরা বিসিবির বয়সভিত্তিক বা ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত থাকি, যা দেশকে দীর্ঘ মেয়াদে পেশাদার ক্রিকেটার গড়ে তুলতে সাপোর্ট করবে। এই চেষ্টার মধ্যমে যদি মাঠ পর্যায় থেকে একজন দক্ষ ক্রিকেটার জাতীয় দলে খেলতে পারেন তাহেলে সেটাই হবে দেশ ও জাতির জন্য আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার।”