গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গোবিন্দগঞ্জ-বিশুবাড়ী সড়কের বিশুববাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এর আগে বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ভুক্তভোগীর স্ত্রী, শিক্ষক ও স্থানীয়রা।
তারা জানান, ২০১৪ সালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাদের দাবি সংবাদ প্রকাশের জেরে সুমনকে এ মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে মামলা দায়ের করার পেছনে যারা জড়িত তাদের সামনে আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর সাংবাদিক মোস্তফা কালাম সুমনসহ ১১ জনের নাম উল্লেখ ও আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।