লিগসেরা রাকিব

২০২৩-২৪ মৌসুমে ট্রেবল জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বসুন্ধরা কিংস। টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের পাশাপাশি তারা ঘরে তুলেছিল ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ। আর এমন কীর্তি গড়তে দলটির হয়ে বড় ভূমিকা ছিল যার, সেই রাকিব হোসেন পেয়েছেন গত লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাকিবকে সেরা খেলোয়াড়ের ঘোষণা দেয় এবং তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন বসুন্ধরা কিংসের কর্মকর্তা আহমেদ শায়েক।

সাধারণত সেরার পুরস্কার দেওয়ার চল বাংলাদেশে খুব একটা নেই। কালেভদ্রে এমন উদ্যোগ নেয় বাফুফে, যা কিছু স্বীকৃতি খেলোয়াড়রা পান সাংবাদিক সংগঠনগুলোর মাধ্যমেই। গত লিগে কিংসকে পঞ্চম শিরোপা পাইয়ে দিতে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেন রাকিব। এ ছাড়া অ্যাসিস্ট ছিল দুটি। উইঙ্গার হয়েও দলের জেনুইন নম্বর ৯ ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজের চেয়ে মাত্র চার গোল কম করেছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাকিব দেশ রূপান্তরকে বলেন, ‘খুব ভালো লাগছে। এত বড় স্বীকৃতি পেলাম। বিশেষ করে লিগের প্রায় দুই-আড়াইশ খেলোয়াড়ের মধ্যে সেরা হতে পেরেছি। পরিশ্রম করেছি, আল্লাহ সেটার প্রতিদান আমাকে দিয়েছেন।’