রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ন্যূনতম সংস্কার প্রয়োজন বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নেই। তারপরও একটি গণ-অভ্যুত্থানের সরকার রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মতো ন্যূনতম সংস্কার করা উচিত। অন্য সংস্কার নির্বাচন সরকার করবে, এমনটি মনে করছেন তারা।

দলটি এও বলছে, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জনসম্মুখে আনছে, তা বিএনপির পক্ষ থেকে কয়েক বছর আগেই বলা হয়েছে। বিএনপি এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের  ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূল যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। ১৯ নভেম্বর থেকে এ কর্মশালা শুরু হয়ে ১০ বিভাগে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বাকি সদস্যরা এতে অংশ নেন।

জানা যায়, রাষ্ট্র সংস্কারের দলটির ভাবনা তুলে ধরতে ১৯ নভেম্বর ঢাকায় কর্মশালার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি শুরু হয়েছে। এরপর ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের আগের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করছে। দলের নেতাদের মতে, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল। কিন্তু রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন।