মেঘনা সেতুতে কাভার্ড ভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর)  সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপরে ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।  মহাসড়কের গজারিয়ায় প্রায় ১০কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকাগামী মাইক্রোবাস চালক আলম বলেন, ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘন্টায় ভাটেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন ঢাকা পৌঁছাবো। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক হালিম মিয়া বলেন, তিনি সকাল সাড়ে ৭টা দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। তার সাড়ে ৩ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিসগামী যাত্রীরা পায়ে হেঁটে মেঘনা ব্রিজ পার হতে চেষ্টা করছে অনেক যাত্রীরা মাথার ওপর বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। 

তবে এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল ৭ টার সময় মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টে যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।