জিদান-রোনালদোদের লকার নিলামে, ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সুযোগ! প্রিয় ক্লাবের ঐতিহাসিক স্মারক সংগ্রহে রাখার এমন সুযোগ খুব কমই আসে। সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমে একসময় জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিশ্চিয়ানো রোনালদো, সের্হিও রামোসের মতো তারকারা যে লকার ব্যবহার করেছেন, এবার সেটিই কিনতে পারবেন ভক্তরা। 

স্প্যানিশ ক্লাবটি বার্নাব্যু স্টেডিয়ামের পুনর্নির্মাণের সময় পুরোনো ড্রেসিংরুমের কিছু জিনিস, বিশেষ করে লকারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। এগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে, লকারগুলো নিলামে তোলা হবে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া নিলাম চলবে এক সপ্তাহ। প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। নিলাম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সথবি। 

২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা মোট ২৪টি লকার নিলামে তোলা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও রয়েছে, যেই মৌসুমে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, এবং লুকা মদরিচের মতো খেলোয়াড়রা রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ভূমিকা রেখেছিলেন। 

সথবি জানিয়েছে, প্রতিটি লকারের সঙ্গে একটি সার্টিফিকেট থাকবে, যা এর নির্ভেজালতা প্রমাণ করবে। সেই সঙ্গে কোন কোন তারকা লকারটি ব্যবহার করেছেন, সেই তালিকাও দেওয়া হবে। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের দাতব্য প্রকল্পে দেওয়া হবে। 

এ ছাড়া বার্নাব্যুর স্টেডিয়ামের মোজাইকও নিলামে তোলা হয়েছে, যার ভিত্তিমূল্য ১২ হাজার ইউরো। সথবির কালেকশন সেলসের প্রধান জর্জ নর্থ বলেছেন, ‘এই লকারগুলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের একটি অসাধারণ সময়কে তুলে ধরে। এমন দৃষ্টান্ত সেটি প্রথমবার দেখা যাচ্ছে, যেখানে একটি ক্লাবের পুরো লকার রুম সংগ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।’

ভক্তদের জন্য এটি শুধু একটি লকার নয়, বরং রিয়াল মাদ্রিদের গৌরবময় ইতিহাসের অংশ।