অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকা করতে না পারলেও বিতর্কের জন্ম দেন নিয়মিতই। চলতি জাতীয় লিগের (এনসিএল) মাঝে শৃঙ্খলাভঙ্গ করে পরবর্তী দুই ম্যাচের জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচে চলাকালীন ফিল্ডিংরত অবস্থায় আম্পায়ারের সঙ্গে আকবরের বাকবিতাণ্ড হয়। পরে ব্যাটিংয়ে তাকে আউট দিলে ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে একটি চেয়ার ভেঙে ফেলেন তিনি। এর মাধ্যমে তিনি আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করেছেন। তাই তাকে পরবর্তী দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ আখতার আহমেদ। তারাই ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেছেন। এতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে এবং পরবর্তীতে খুলনার বিপক্ষেও খেলা হবে না রংপুর বিভাগের অধিনায়ক আকবরের।
এনসিএলের এবারের মৌসুমে এখনও পর্যন্ত ৫টি রাউন্ড সম্পন্ন হয়েছে। বাকি আছে ২ রাউন্ড। ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে এনসিএলের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না আকবর আলীর।