ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আমদানি করা এসব চালের কেজিপ্রতি মূল্য পড়বে ৫৬ টাকা ৫৯ পয়সা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাঁচটি আবেদন জমা পড়লে সেগুলোর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড নির্বাচিত হয়।
জানা গেছে, প্রতি টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে এ চাল কিনতে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৬ টাকা ৫৯ পয়সা।