নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। নেতানিয়াহুর পাশাপাশি একই অপরাধের অভিযোগে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হেগভিত্তিক আদালতটি।

আইসিসির প্রাক-বিচার চেম্বার ১-এর তিন বিচারক সর্বসম্মতিক্রমে এই পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজায় মানুষকে অনাহারে রাখা এবং ফিলিস্তিনিদের নিপীড়নের অপরাধে দায়ী। সেটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে। অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জিম্মি করাসহ যুদ্ধাপরাধের জন্য দায়েফকে দায়ী করেছেন আদালত। এই গ্রেপ্তারি পরোয়ানা নেতানিয়াহু ও গ্যালান্টের সম্ভাব্য বিদেশ সফরকে প্রভাবিত করবে। যেসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে সে সব দেশ সফর করলে তারা গ্রেপ্তার হতে পারেন। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হামাস নেতা মোহাম্মদ দায়েফ। তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না।

এর আগে গত মে মাসে নেতানিয়াহুর ওপর গ্রেপ্তারি পরোয়ানার জারির অনুরোধ জানিয়েছিলেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। তার অভিযোগ ছিল, নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সংঘটিত নৃশংসতার জন্য ভøাদিমির পুতিন এবং অন্য রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানালেও, নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।