খালেদা জিয়াকে সুযোগ দিতে পেরে আমরা গর্বিত : আসিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দিতে পেরে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠান শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের ছবিসহ দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

সেখানে তিনটি ছবি পোস্ট করেন আসিফ। যার একটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া এবং অপর দুই ছবিতে উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সঙ্গে তিনি। ছবির ক্যাপশনে আসিফ লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।

আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা : সারজিস

খালেদা জিয়ার আপসহীন মনোভাব অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গতকাল দেখা হয় তার। রাত পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন সারজিস। সেই ক্যাপশনে তিনি লেখেন, আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।