ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপরে ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। পরে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। মহাসড়কের গজারিয়ায় প্রায় ১০কিলোমিটার অংশে আটকে থাকে গাড়ি।

ঢাকাগামী মাইক্রোবাসচালক আলম বলেন, ‘ভবেরচর থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভাটেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন ঢাকা পৌঁছাব। প্রথমে ঢাকাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকচালক হালিম মিয়া জানান, তিনি সকাল সাড়ে ৭টা দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। তার সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এ সময় যানজটে আটকে থাকা যানবাহনের অসংখ্য চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসেই ঘুমিয়ে পড়েন। তখন যানজট তীব্র আকার ধারণ করে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা সেতুতে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালপত্র না নামানো পর্যন্ত তা সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।