কলেজে আসেননি শিক্ষক, কিন্তু হাজিরা খাতায় করা হয়েছে অগ্রিম স্বাক্ষর। এমন অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজনিন আক্তার নাজমার বিরুদ্ধে। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অহিদুজ্জামান সুপন।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার কলেজে গিয়েও প্রভাষক নাজনিন আক্তারকে পাওয়া যায়নি। একইভাবে গত দুই মাসে সাত দিন কলেজে অনুপস্থিত থেকেও অগ্রিম স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অহিদুজ্জামান সুপন গতকাল বলেন, ‘নাজনিন আক্তার আজকে (বৃহস্পতিবার) কলেজে অনুপস্থিত, কিন্তু গতকালই (বুধবার) তিনি হাজিরা খাতায় আজকের তারিখের জায়গায় স্বাক্ষর করে গেছেন। আজকে কলেজে এসে আমি হাজিরা খাতায় বিষয়টি দেখলাম। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক নাজনিন আক্তার নাজমা জানান, তিনি হয়তো ভুল করে স্বাক্ষর করেছেন। গত এক মাসে তিনি এক দিনও কলেজে অনুপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
জানতে চাইলে কলেজের গভর্নিং বডির সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন জানান, ২০০৪ সালের ২ এপ্রিল নাজনিন আক্তার নাজমা যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক হিসেবে এ কলেজে যোগদান করেন। হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওবায়দুর রহমান বলেন, ‘অগ্রিম স্বাক্ষর করার সুযোগ নেই। ঘটনার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’