পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে হামলা, নিহত ৪২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে প্রায় ২০০ জন যাত্রীবাহী গাড়ির একটি বহর আফগান সীমান্তসংলগ্ন খুররাম জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় সশস্ত্র হামলাকারীরা পুলিশের নিরাপত্তা বহরকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। তারপর তারা পুরো বহরের দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

খাইবার পাখতুনখোয়ার প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এই হামলাকে একটি ‘বড় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। তার মতে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অঞ্চলের উপ-পুলিশ কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, হামলায় প্রায় ১০ জন বন্দুকধারী জড়িত ছিল। তারা রাস্তার দুই পাশ থেকে নির্বিচারে গুলি চালিয়েছে। হামলার পর পুলিশ এবং স্থানীয়রা নারীদের কাছকাছি বাড়িগুলোতে আশ্রয় নিতে সহায়তা করে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের মানুষ। সাম্প্রতিক সময়ে খুররাম এলাকায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে। গত মাসেও এই অঞ্চলে একটি যাত্রীবাহী বহরে হামলায় ১৫ জন নিহত হন।

বৃহস্পতিবারের হামলার উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার ফলে খুররামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: বিবিসি