বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন। আওয়ামী লীগের আমলে অনেক নেতাকর্মী জেলেও গিয়েছিল। অনেকে আবার জেলে না গেলেও বাসায় থাকতে পারেনি। আমরা সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমরা সবাই সকলের পাশে থাকার চেষ্টা করব। আর ছোট ছোট ভুল গুলোকে ক্ষমা করে দিয়ে আমরা যাতে ভবিষ্যতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারি, সেজন্য দলের সবাইকে সহযোগিতা করবেন ও দলকে সহযোগিতা করবেন।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতা কর্মীদের সাথে মত বিনিময় ও আন্দোলন সংগ্রামে নিপীড়নের শিকার নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা, ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, জেলা বিএনপির সদস্য আবু তাহের ক্বারী, অ্যাডভোকেট ফখরুদ্দিন রঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মশিউদ দৌলা প্রমুখ।