ফিল হিউজ স্মরণে অ্যাডিলেড টেস্টে হরেক আয়োজন

বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড ওভালে শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। সেই ম্যাচের সময় প্রয়াত ফিল হিউজকে স্বরণ করা হবে। তার মৃত্যুর ১০ বছর হবে আগামী বুধবার, ২৭ নভেম্বর। অ্যাডিলেড ছিল হিউজের হোম গ্রাউন্ড।

অস্ট্রেলিয়ার হয়ে হিউজ খেলেছেন ২৬ টেস্ট। হিউজকে নিয়ে করা হয়েছে বিশেষ ডকুমেন্টরি। যা প্রচার করা হবে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ চলাকালে। শুধু এই সিরিজ নয় শেফিল্ড শিল্ডের পরবর্তী তিন সূচির ম্যাচ চলাকালে হিউজ স্বরণে সকল খেলোয়াড় বাহুতে কালো আর্ম ব্যান্ড পরে খেলবেন।

২০১৪ সালের ২৫ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের ছোড়া বাউন্সার ডেলিভারিটি হেলমেট ফাঁকি দিয়ে লেগেছিল হিউজের ঘাড়ের বাঁ পাশের কিছুটা ওপরের দিকে। সঙ্গে সঙ্গেই হিউজ লুটিয়ে পড়েন মাটিতে, সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের সঙ্গে দুই দিন লড়াইয়ের পর হিউজ মৃত্যুবরণ করেন ২৭ নভেম্বর। ঘটনার সময় ৬৩ রানে ব্যাট করছিলেন তিনি।