জয়সওয়াল রাহুলে বড় লিডের পথে ভারত

পার্থ টেস্টে প্রথম দিনে দেখা গিয়েছিল বোলারদের দাপট। আরও স্পষ্ট করে বললে পেসারদের দাপট। ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া দিন শেষে করেছিল ৭ উইকেটে ৬৭ রান। আজ শনিবার দ্বিতীয় দিনে খুব বেশি এগোতে পারেনি স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১০৪ রানে। তাতে প্রথম ইনিংসে ভারত লিড পায় ৪৬ রানের। দিনের শেষ দুই সেশনে রাজত্ব করলেন ভারতীয় দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

দুই সেশনে (৫৭ ওভার) কোন উইকেটই নিতে পারেনি অস্ট্রেলিয়ান বোলাররা। ভারত দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংস করেছে বিনা উইকেটে ১৭২ রান।

তাতে দিন শেষে ভারতের লিড দাঁড়ায় ২১৮ রানে। হাতে আছে ১০ উইকেট। কাল তৃতীয় দিনে ভারত আরও বড় লিডের পথে ছুটবে। জয়সওয়াল ৯০ ও রাহুল ৬২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসের বাকিটা এগিয়ে নেন মূলত মিচেল স্টার্ক। ১১২ বল খেলে ২৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। জাসপ্রিত বুমরা নেন ৩০ রানে ৫ উইকেট।