জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধান, পুলিশ, নির্বাচন কমিশনারসহ বিভিন্ন সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে শনিবার দুপুরে এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনার আমলারা এখনও মাঠ প্রশাসনে আছেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে ফ্যাসিবাদীরা দেশ পুনরায় নস্যাৎ করতে পারে। ইউএনও, ডিসি, এসপি, এসআই, জজদের সাথে কথা বললেও বোঝা যায় তাদের গায়ে ফ্যাসিবাদীর গন্ধ। সাংবাদিকরা প্রায় বলেন, জামায়াতে ইসলামী যৌক্তিক সময়ে নির্বাচন চায়, যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি? সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে একটু সময় লাগবে।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে নিজেই গণতন্ত্রের সিঁড়ি সরিয়ে ফেলেন। পরে তিনি নিজের হাতে গণতন্ত্র কবর দিয়েছিলেন। আর শেখ হাসিনাও তার পিতার মতো গণতন্ত্রকে হত্যা করেন। আওয়ামী লীগ ছাড়া সকল দলের মিটিং-মিছিল তিনি বন্ধ করে দিয়েছিলেন।
সেক্রেটারি জেনারেল আরো বলেন, শেখ হাসিনার আমলেই গায়েবি মামলা চালু হয়। আমি জেলে রইলাম, আমার নামে মামলা দেওয়া শুরু হলো। আমি নাকি পুলিশকে মারতে গিয়েছিলাম। শেখ হাসিনা বিগত আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। কী নির্মম পরিহাস, আগস্ট মাসে আমাদের ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। আর তার ৪ দিনের মাথায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়।
সভায় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক, ঢাকা উত্তর অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নূরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের ঢাকা উত্তরের সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রমুখ।