এক বছরে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন হাসান

হাসান মাহমুদের জন্য ২০২৪ সালটা বিশেষ এক বছর হয়ে উঠেছে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এই তরুণ পেসার নিজের নাম তুলে নিয়েছেন রেকর্ড বইয়ে। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন মাইলফলক গড়েছেন তিনি। 

২০২৪ সালে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন হাসান মাহমুদ। এই সময়ে তার শিকার ২৪ উইকেট। এতদিন এই রেকর্ডটি ছিল শাহাদাত হোসেন রাজিবের দখলে। ২০০৮ সালে শাহাদাত ৯ টেস্টে ২৩ উইকেট শিকার করেছিলেন। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন হাসান। 

হাসানের এই সাফল্য শুধু রেকর্ড গড়াতেই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের পেস আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। স্পিন নির্ভরতার বাইরে এসে পেসাররাও যে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেন, তার একটি উজ্জ্বল উদাহরণ হাসান মাহমুদের এই অর্জন। 

তবে বিশ্ব রেকর্ডের সঙ্গে তুলনা করলে হাসানকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটি ডেনিস লিলির দখলে। অস্ট্রেলিয়ান পেসার লিলি ১৯৮১ সালে ১৩টি টেস্ট খেলে শিকার করেছিলেন ৮৫টি উইকেট। 

বাংলাদেশি পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে ২০ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা খুব বেশি নেই। শাহাদাত ও হাসান ছাড়াও এই তালিকায় আছেন মাশরাফী বিন মোত্র্তজা এবং মোস্তাফিজুর রহমান। তবে হাসান মাহমুদের সাম্প্রতিক ফর্ম ভবিষ্যতে আরও বড় রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে। 

হাসানের সাফল্য নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে তার মতো পেসারদের ধারাবাহিকতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স, গতি, আর নিয়ন্ত্রণের সমন্বয়ে হাসান এখন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। 

দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এখন দেখার বিষয়, বাকি বছরেও কি তিনি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এবং বাংলাদেশের হয়ে আরও নতুন রেকর্ড গড়তে পারেন কি না।