পাকিস্তানে আজ উদ্বেগ-উৎকণ্ঠার দিন

সংবিধানের ২৬তম সংশোধনীর বিরোধিতা, সাধারণ মানুষকে গ্রেপ্তার ও জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রবিবার এই কর্মসূচি পালন করবেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা। এর অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদে জড়ো হবেন তারা।

বিশ্লেষকরা বলছেন, ইমরান খান কারাবন্দি হওয়ার পর এবং দেশটির নির্বাচনের এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর এটাই হতে যাচ্ছে পিটিআইয়ের সবচেয়ে বড় কর্মসূচি।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এই কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। তারা বলছে, অনেক মানুষ রবিবার ইসলামাবাদে জড়ো হবেন। পিটিআইয়ের নেতারা বলছেন, যেকোনো ধরনের বাধা টপকে তারা তাদের কর্মসূচি সফল করবেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিটিআইয়ের কর্মসূচির কারণে রাজধানীতে মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্দোলকারীরা যেন কোনোভাবেই ইসলামাবাদে প্রবেশ না করতে পারে। এ ছাড়া পর্যাপ্ত পুলিশ ভ্যান ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়েছে। যারা রাজধানীতে প্রবেশের চেষ্টা করবে তাদের গ্রেপ্তার করে কোথায় রাখা হবে সেগুলোও নির্ধারিত হয়ে গেছে।

ইমরান খানের সমর্থকরা এর আগেও ইসলামাবাদে সভা সমাবেশ করেছেন। তাদের এই সমাবেশ ঠেকাতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে ব্যাপক বল প্রয়োগ করতে দেখা গিয়েছিল। এবার যেহেতু ইমরান খান চূড়ান্ত ডাক দিয়েছেন। ফলে আজ পাকিস্তানে ঘটতে পারে অনেক কিছু। আবার সরকার তাদের দমিয়েও দিতে পারে। এ নিয়ে দেশটিতে চলছে উৎকণ্ঠা ও উত্তেজনা। পিটিআইয়ের এই কর্মসূচিকে ঘিরে ইসলামাবাদে গত সপ্তাহে টানা দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এই ১৪৪ ধারা কার্যকরে ইসলামাবাদ প্রশাসন আরও আট হাজার আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যকে চেয়ে সংশ্লিষ্ট জায়গায় চিঠি দিয়েছে।

এদিকে পিটিআইকে বিক্ষোভ কর্মসূচি পালন না করতে দিতে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। আদালত বলেছে নতুন ‘শান্তিপূর্ণ জমায়েত’ আইন ভঙ্গ করে পিটিআই রাজধানীতে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারবে না।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের জন্য একটি কমিটি এবং অন্য কোনো জায়গায় সমাবেশস্থল নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন।